টিআই তুহিন লস্কর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

সিসি নিউজ ডেস্ক।। ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা দুটি করা হয়। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে মামলা দুটি করা হয়েছে বলে জানাগেছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তুহিন লস্কর ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজির মাধ্যমে বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে তাঁর ও স্ত্রীর নামে সম্পদ বিবরণী জারি করা হয়। পরবর্তী সময়ে দুদকের অনুসন্ধানে সম্পদের তথ্য যাচাই করে পৃথক মামলার সুপারিশ করা হয়।

দুদকের নথিতে তুহিন লস্করের নামে ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রকল্পে ১ হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট ও কার পার্কিংয়ের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া খুলনার বটিয়াঘাটা এবং গোপালগঞ্জের সদর এলাকায় জমির মালিকানার তথ্য উল্লেখ রয়েছে। তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামেও একাধিক স্থানে সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খুলনার খালিশপুরে আবাসিক এলাকায় বহুতল ভবন, ফরিদপুরের কামলাপুর এলাকায় ইউনাইটেড টাওয়ারে ফ্ল্যাট, ফরিদপুরের হাবেলী গোপালপুরে আবাসিক ভবনে ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সদর উপজেলার খাটরা মৌজায় জমি ও পাঁচতলা ভবনের তথ্য রয়েছে।

অন্যদিকে তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ করেছে দুদক। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ১৮ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯১ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ অনুসন্ধানকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তুহিন লস্কর ও তাঁর স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। দুদকের দায়ের করা মামলা দুটিতে দুর্নীতি দমন কমিশন আইনে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মামলার তদারকি কর্মকর্তা ও দুদকের ফরিদপুরের সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক রতন কুমার দাশ জানান, তুহিন লস্করের বিরুদ্ধে প্রায় ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রাম,ফরিদপুরসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন।


Posted

in

,

by

Tags: