সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪৭) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মেয়ে সুপ্তি খাতুন (১১) গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলের ওই মোড়ে উল্টো পথ দিয়ে দ্রত গতিতে যাচ্ছিল। এ সময় নীলফামারী সড়ক দিয়ে মেয়ে সুপ্তি আকতারকে মোটরসাইকেল যোগে তাঁর স্কুলে পৌছে দেওয়ার জন্য শহরের দিকে যাচ্ছিল। এতে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম (৪৭)। গুরুতর আহত হয় সুপ্তি আক্তার। স্থানীয়রা আহত সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সুপ্তি সৈয়দপুর শহরের গোলাহাটের নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, যাত্রীবাহি বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি প্রায় ৫০০ গজ টেনে নিয়ে রেল ক্রসিংয়ের কাছে ফেলে যায়।
এদিকে স্থানীয় লোকজন এই দুর্ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ করে। এতে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁও সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, চালকসহ বাসটিকে দশ মাইল হাইওয়ে থানায় আটক করেছে। অবরোধকারীদের সাথে আলোচনা হচ্ছে।
বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের আন্দোলন অব্যহত রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে।
