সিসি নিউজ ডেস্ক।। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই সূচি জানানো হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে সম্পূরক পরীক্ষা শুরু হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি এবং আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।
প্রতিদিন দুই শিফটে পরীক্ষা হবে। সকালের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সূচিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্যদের আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু ব্যবহারিক অংশে অকৃতকার্য ও অনুপস্থিত শিক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দিতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে অন্তর্ভুক্ত করতে হবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেনে নিতে হবে।
পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষা শুরুর অন্তত পাঁচদিন আগে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরুর ঘোষণা দেয়। এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বর অনলাইনে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ছিল ১০ নভেম্বর।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানান।
এবারই প্রথম এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে।
