ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ডাক

সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমতি না মিললেও চলছে মঞ্চ তৈরির কাজ।

এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়ে মাইকিং বের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচেতন কালীগঞ্জবাসী নামে শহরে একটি মাইকিং বের করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআর মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিব। মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার বরাবর পত্র প্রেরণ করা হয়। এরপর পুলিশ সুপার কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়াও তদন্ত প্রতিবেদনে বিরুপ মন্তব্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করা সম্ভব হচ্ছে না। একইসাথে উক্ত আয়োজন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, মাঠে কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।

ফালাহুল উম্মাদ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী বলেন, এমপি সাহেব সার্বিক দায়িত্ব নিয়ে করাচ্ছেন। আমি শুধু স্পন্সর হিসেবে আছি। বাকি সবই এমপি আবু তালিব ও সংগঠন (জামায়াতে ইসলামী) করছে। শুক্রবার কোরআন মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, আমরা আমাদের কাজ করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না হয় পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ব্যাপারে জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন।

এ ব্যাপারে জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।


Posted

in

by