সিসি নিউজ ডেস্ক।। গোপালগঞ্জে নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার যদি নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতির প্রয়োজনে সহযোগিতা চায়, তাহলে ১১ দল বসে থাকবে না। তবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশের পুরো ভূখণ্ডই আমাদের। এর কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে অতীতে সোচ্চার ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। গোপালগঞ্জ ৬৪ জেলার একটি। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হলে দেখার দায়িত্ব সরকারের। সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার যদি বলে, আমরা ফেইল (ব্যর্থ) করলাম, আসেন, তাহলে জাতির প্রয়োজনে তো বসে থাকা যাবে না।’
সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, তা ছিল আইওয়াশ। এসব ঘটনায় সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এর ফলে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসররা উৎসাহিত হচ্ছে।
বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, নির্বাচনের সময় হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানান তিনি।
গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হতে পারে জাতীয় ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।
তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে সংসদে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দল-মত ও পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। সরকার এসব বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নিলে ১১ দল তাতে রাজি রয়েছে।
স্থগিত সিলেট অভিমুখে লংমার্চ
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত করা হয়েছে। সিলেটগামী সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, এর আগে ১১ দলের তিনটি লংমার্চেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসব কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের প্রতি জনগণের আস্থা নেই এবং সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, সেই বার্তা দিতে পেরেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
