ঢাকা: বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
শাহ নেওয়াজ বলেন, প্রত্যেক নির্বাচনকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। যাতে করে ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, কোন প্রার্থী অন্য প্রার্থীর ব্যক্তিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবেন না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইসি শাহ নেওয়াজ বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে করার নির্দেশনা দেয়া আছে। আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
প্রথম দফায় ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে আইনি জটিলতায় রংপুরে ৫টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।