বরিশালে মাছ ব্যবসায়ী খুন

খুনবরিশাল: নগরীর কাটপট্টি রোডের ভাড়াটিয়া বাসায় খালিদ মোহাম্মদ টিপু নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত খালিদ মোহাম্মদ টিপুর বাড়ি চট্টগ্রাম নগরীর কর্নফুলী থানাধীন চরফরিদ এলাকায়। তার বাবার নাম মো. সোলায়মান।
নিহতের ছোট ভাই মুনসুর সাংবাদিকদের জানান, তারা দুই ভাই কাটপট্টি রোডের একটি বাসায় ভাড়া থাকতেন এবং মাছ ব্যবসা করতেন। মঙ্গলবার দুপুরে বড় ভাই টিপু  জামা কাপড় পাল্টাতে বাসায় যান। কিছুক্ষণ পর টিপু ফোন করে ছোট ভাই মুনসুরের কাছে ড্রয়ারের চাবি কোথায় তা জানতে চান। তাকে চাবির কথা জানানোর সঙ্গে সঙ্গেই ফোনটি কেটে যায়। দুপুরে এক সঙ্গে খাওয়ার জন্য টিপুকে ফোন করেন ছোট ভাই মুনসুর। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
কাজ শেষে রাতে মুনসুর বাসায় গিয়ে দেখতে পান ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকানো। দরজা খুলে ঘরের ভেতরে আলো জ্বালিয়ে দেখেন- তার বড় ভাই একটি চেয়ারের সঙ্গে বাঁধা। এরপরই প্রতিবেশীদের সহায়তায় তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়ার ছেলে জানায়, ওই লোকটিকে বেঁধে ছাদে নিয়ে মারধর করেছিল কিছু লোক। মারধরের করে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন জানান, মৃত টিপুর ঘর থেকে আট হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন দুইটি পাওয়া যাচ্ছে না। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খুনিদের সনাক্ত করার জন্য কাজ শুরু করেছে পুলিশ।

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *