জেলার সাংবাদিকতা (২)

।। নজরুল ইসলাম তমাল ।। প্রথমে জানা দরকার আমি কোথায় কেন এবং কার জন্য এই পেশাকে বেছে নেবো! এটা কি শখের জন্য, ক্ষমতার জন্য, একটা শ্রেণির মানুষ সমিহ করবে সেজন্য, নাকি এটিকে পেশা হিসাবেই নিতে চাই। যারা জেলায় থেকে সাংবাদিকতা করতে চাই তাদের অবশ্যই বিষয়গুলো বারবার ভেবে সিদ্ধান্ত নেয়া উচিৎ। কারণ জেলা পর্যায়ে শত শত সাংবাদিক থাকলেও, এদের মধ্যে দেখা যায় না পেশাদার সাংবাদিক ।
জেলার সাংবাদিকরা সেভাবে কি মূল্যায়িত হন? আবার বেতন, সম্মানি ভাতাও দুশ্চিন্তার ভাঁজ ফেলে কপালে। হাতে গোনা কিছু মিডিয়া যে সম্মানি দেয়, তা দিয়ে একটি সংসার চালানো সম্ভব কিনা আমার জানা নেই। তবে অনেকেই এই পেশার পাশাপাশি অন্য কিছু করেন, আবার কেউ কেউ অন্য পেশার সঙ্গে চালিয়ে যাচ্ছেন সাংবাদিকতাকে। এভাবেই পরিবারের চাহিদা মেটাতে হয় জেলার সংবাদকর্মীদের। আর ভাললাগার টানেই ঠোঁট বাঁকা করে একচিলতে হাসি নিয়ে এগিয়ে রাখেন নিজের শখকেই।
জেলার সাংবাদিকতা নিয়ে অনেকেরই ধারণা সাংবাদিকরা অবৈধভাবে অনেক টাকা উপার্জন করেন। এ সংখ্যা আর যাইহোক সেটা হাতেগোনা। এ বিষয়ে অনেকের সাথেই আমি একমত হতে পারিনা। নামধারী কিছু সাংবাদিকদের জন্য এ দুর্নাম ঘারে চাপে অন্যদেরও।
টিভি মিডিয়াতে কাজ করা একজন জেলার সাংবাদিকের অনেক কিছুই থাকতে হয়, এটাও এক ধরণের বিনিয়োগ। ক্যামেরা, কম্পিউটার, মোটরসাইকেল, ইন্টারনেট ডাটা, মডেমসহ অনেক কিছু। এগুলোর ব্যয় ভারটাও নিজের। আর কোনটি কখনও বিকল হলে সে দায়ও তার নিজেরই। এমনকি কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়লে তার জন্য কয়টি প্রতিষ্ঠান সহায়তা দেয়? তা নিয়েও আছে আক্ষেপ।
এ অবস্থাতেও জেলার একজন সংবাদ কারিগর কখনও থেমে থাকেনা। সব গুছিয়ে নিয়ে, নয়তো জোড়াতালি দিয়ে বারবার মাঠে নামে নতুন উদ্যোমে, এভাবেই চলে জেলার সাংবাদিকের ছুটেচলা।
শখের বসে পেশা, নাকি পেশা থেকে নেশায় পরিনত জেলার সাংবাদিকতা এখন রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট পায়ে এগিয়ে চলা পেশাটি এখন দ্রুতগতির রেসের ঘোড়া। যেখানে খোঁড়া ঘোড়ার কোন দাম নেই। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী আর গতি বাড়তি চাপ ফেলে মস্তিষ্ককে।
এর সাথে যুক্ত ভিডিও ছবি, শুধু তথ্য দিয়ে রক্ষা নেই, একইতালে এখানে পাঠানো জরুরি ক্যামেরা নামক যন্ত্রে ধারণ করা গতিময় দৃশ্য। জেলার সাংবাদিকদের সবচেয়ে বড় দুর্বলতা এই ভিডিও ছবিতেই। অথচ এই ছবির কারণেই জেলার একজন সাংবাদিকের অনেক শ্রম সময় ও প্রাপ্তি চলে যায় শুণ্যের খাতায়। এজন্যই ভাল প্রতিবেদন তৈরির পূর্বশর্ত ভাল মানের ভিডিও ছবি।
ক্যামেরা অন করার পর রেকর্ড বাটনে চাপ দেয়া থেকে শুরু হয় এর কারিশমা। ক্যামেরা নামের যন্ত্রের বেসিক ধারণা বেশিরভাগেরই না থাকার কারণে, অনেকেই সেই কারিশমা দেখাতে ব্যর্থ। নানা প্রতিকূলতার মাঝে কাজ করেও কর্তাদের বার্তায় বুঝতে কষ্ট হয়না, তাদের মুখটা রুক্ষ। আর ঘামে ভেজা শরীর ও তেলতেলে চেহারা মলিন করে দেয় সাংবাদিকের মুখ।
সবাই ঘটনার ছবি ধারণ করতে পারেন ঠিকই। কিন্তু সে ছবি কেন প্রাণবন্ত হয়না! ফ্রেমটা যেন কেমন, ছবিটা এতো নড়াচড়া করে কেন, এইটা এতো অন্ধকার দেখাচ্ছে, এটাতো জ্বলে গেছে, আই লেভেলটা এমন হলো কেন, বক্তা কি বললেন অন্য শব্দের জন্য কিছুই বুঝলাম না, আরও কত সমস্যা! এসব মিলে যখন ভাল কাজ হয়, তখননি প্রাণবন্ত হয় ক্যামেরার কাজ। এজন্য কিছু কৌশল বা পদ্ধতি জানা জরুরি। সবার আগে বুঝতে হবে, টেলিভিশন কিন্তু দেখার জন্য। এজন্য সবার আগে চাই ভিডিও ছবি। ভাল ছবি, নিখুঁত ছবি। আর সেই ছবি ধারণের মাধ্যম ক্যামেরা, যাকে বলা হয় টেলিভিশনের প্রাণ!

লেখক: মিডিয়া ব‌্যাক্তিত্ব


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *