জয়পুরহাট প্রতিনিধি ।। করোনা উর্ধ্বগতি ঠেকাতে সারা দেশের মত জয়পুরহাটেও শুরু হয়েছে ৮ দিনের সর্বত্মক লকডাউন। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। বৃহস্পতিবার (১৫এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে জয়পুরহাট শহরের বিআইডিসি মোড় এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার ফকির মন্ডলের ছেলে সান্টু মন্ডল(৩৫), সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন(৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫), গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান(৩০)।
ওসি আলমগীর জাহান জানান, করোনা উর্ধ্বগতি ঠেকাতে লকডাউনের দ্বিতীয়দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল পুলিশ। শহরের বিআইডিসি মোড়ে পুলিশের চেক পোস্টের সামনের রাস্তা দিয়ে আটককৃত সান্টু মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেক পোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে বললেই সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক ৩ ট্রাফিক পুলিশকে মারধর করে। এ ঘটনায় ৩ ট্রাফিক পুলিশ আহত হয়। তাদের কে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ব্যারাকে আছেন। আজ শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।