জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী আসলেমা বেগম খুশির উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে পাঁচবিবি’র রশিদপুর বাজারের পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রায় ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসুচি পালন করেছেন এলাকাবাসী।
গুরুতর আহত খুশির স্বামী আব্দুল ওয়াবসহ ওই কর্মসুচিতে উপস্থিত এলাকাবাসীরা জানান, এলাকায় বেশ জনপ্রিয় খুশিকে আগামী ইউপি নির্বাচনে সদস্য পদে সমর্থন দিয়ে তার পক্ষে গন সংযোগসহ প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন তারা। এ অবস্থায় প্রথমে তার বাড়ির বর্জ্য পানি যাওয়ার ড্রেন বন্ধ করে দেন তার প্রতিপক্ষ প্রতিবেশী ও এলাকার প্রভাবশালী মোনাজ্জল, জয়নুল, শফিকুল, সোহাগসহ তাদের আত্মীয়-স্বজনরা।
এর জের ধরে গত ৯ নভেম্বর সকাল ৭ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই প্রভাবশালীরা খুশিসহ তার পরিবারের কয়েক জনকে লোহার রড, হাসুয়া, কুড়ালসহ দেশীয় অস্ত্র¿ দিয়ে এলোপাতারী কোপাতে থাকে। এতে খুশিসহ তার পবিরারের ৩ সদস্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এ ঘটনায় গত ১০ নভেম্বর জয়পুরহাট আদালতে মামলা করা হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত খুশি এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎধীন থাকলেও আসামীরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। এর প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বলে এলাকাবাসী জানান। তারা আরো অভিযোগ করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা, ডাকাতি, মোটর সাইকেল ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা ছিল বলে তারা অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির। তাই ভূক্তভোগী খুশি ও তার পরিবারের নিরাপত্তা হুমকি বলেও আশঙ্কা করেন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্তদের পক্ষে মোনাজ্জল মুঠো ফোনে জানান, ‘শুধু কি এক পক্ষের দোষ ? মাঠে খেলা হলে তো দু’পক্ষ লাগে।’ তাদের বিরুদ্ধে উল্লেখিত মামলা নিয়ে জিজ্ঞাসা করলে এ ব্যাপারে কোন কথা বলে বিষয়টি মিমাংশা করে দেওয়ার জন্য মোনাজ্জল প্রতিবেদককে মধ্যস্ততা করার অনুরোধ করেন।