সিসি নিউজ ।। নীলফামারীতে শিশুদের বিনোদন কেন্দ্র শেখ রাসেল শিশু মেলার উদ্বোধন হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘শিশুদের মানসিক বিকাশ শুধু ক্লাশের পড়াশুনা করে হয়না। মুক্ত বাতাসে তারা যদি আনন্দ করতে না পারে, ঘোরাফেরা না করে, তাহলে শিশুদের একের সঙ্গে অন্যের বন্ধুত্বের মানবিক সম্পর্ক গড়ে উঠে না। একটা শিশু যখন ঘরের ভেতর আটকে থাকে কিংবা শুধু পড়ার মধ্যে আটকে থাকে, তখন তার মনটা ক্রমাগত ছোট হতে থাকে। আর সেই শিশুকে যদি মুক্ত বাতাসে ছেড়ে দেই সে কিন্তু একজন মহৎ মানুষ হওয়ার উৎসাহ পাবে। এটাই বাস্তবতা, সারা পৃথিবীতে এটাই পরিক্ষীত।’
উপজেলা পরিষদের উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শিশুদের বিনোদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যানের মধ্যে বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও শান্তনা চক্রবর্তী।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, জেলা শহরে শিশুদের জন্য তেমন বিনোদন কেন্দ্র না থাকায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল শিশু মেলা স্থাপন করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে এটি স্থাপনে ব্যয় হয়েছে ৫০ লাখ টাকা। শিশুদের বিনোদনের জন্য সেখানে বিভিন্ন খেলনা স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি জেলো শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ও অস্বচ্ছল মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকালে তিনি দুটি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয় প্রকল্পের উদ্বোধন করেন।