সিসি নিউজ ।। নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী মোট ৩৫ প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হওয়ায় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কর্মী, সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে সকাল ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং দুপুর দু’টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
এসময় নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নিবর্চান কর্মকর্তা আফতাব উজ্জামান উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এছাড়াও সংরক্ষিত সদস্য দু’টি পদে ১১জন এবং ছয়টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২২জন মনোনয়ন দাখিল করেন। তফসিল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে মোট ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply