সিসি নিউজ ডেস্ক ।। নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি পেতে অথবা নিবন্ধনের জন্য ৮০টি নতুন দল আবেদন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদনের সময়সীমা আজ শেষ হলো।
রোববার (৩০ অক্টোবর) আবেদনের শেষ দিন এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সহকারী সচিব রওশন আরা বেগম। এর আগে, গত বৃহস্পতিবার পর্যন্ত ইসিতে ৪০টি দলের আবেদন জমা পড়ে। সেক্ষেত্রে শেষের দিন অর্থাৎ আজকে ৪০টি দল নিবন্ধনের আবেদন দিয়েছে।
ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন নিতে এ পর্যন্ত অন্তত ৮০টি দল নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছে।
নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হবে।
ইসি জানায়, সবশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে ৭৬টি দল নিবন্ধনের জন্য আবেদন করলেও ২০১৮ সালে একটিও নিবন্ধন যোগ্য বিবেচিত হয়নি। আগ্রহী দলগুলো শর্তপূরণ করেছে বললেও যাচাই-বাছাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অবশ্য ভোটের পরে আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে দুটি দল।