• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আব্বাস গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। গভীররাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুণ অর রশিদ।

আজ শুক্রবার বেলা ২টার পর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ডিবি প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গত ৮ তারিখে পল্টন থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করব।’

তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘পুলিশের ওপরে বর্বরোচিত যে হামলা হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে এবং অনেক জানমালের ক্ষতি হয়েছে, সেই প্রেক্ষিতে। উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করেছি।’

আর কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেখছি। আর কেউ যদি এমন অপরাধ করে, তারা আমাদের নজরদারিতে থাকবে, তাদের বিষয়েও আমরা ব্যবস্থা নিব।’

যদিও এর আগে শুক্রবার সকালে ডিবি প্রধান সাংবাদিকদের বলেছিল, ‘গ্রেপ্তার বা আটক নন, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এটা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।

শায়রুল কবির বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

উৎসঃ আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ