সিসি নিউজ।। নিখোঁজের চারদিন পর আব্দুল গফুর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার জাহিদুলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল গফুর রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে। আব্দুল গফুরকে হত্যা করে তাঁর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা পুলিশের। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল গফুর পেশায় একজন ইজিবাইক চালক। স্ত্রীকে নিয়ে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতো। কিছুদিন থেকে স্ত্রী ও শ্বশুড়ের সাথে বিবাদের কারণে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে অবস্থান করছিল। এজন্য অটো চালানোও বন্ধ রেখেছিল গফুর।
গত বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের সাথে দেখা করে বের হওয়ার পর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ খবর করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ওইদিন তাঁর মরদেহ পাওয়া যায় পরিবারের সদস্যদের দাবি করেন আব্দুল গফুরকে হত্যা করা হয়েছে। কারণ লাশের সাথে প্যান্টের পকেটে প্রায় দেড় হাজার টাকা, জন্মনিবন্ধন সনদ, মোবাইল সিম অক্ষত আছে। চুরি, ছিনতাই বা দূর্ঘটনায় এই মৃত্যু হয়নি। বরং পরিকল্পিতভাবে মেরে লাশ গুম করতেই পুকুরে ফেলা হয়েছে।
এব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।