সিসি নিউজ।। ফাগুনের হাওয়ায় দুই দিনের বসন্ত বরণ ও পিঠা উৎসবে মেতে উঠেছে নীলফামারী সরকারি কলেজ চত্বর। বুধবার দুপুরে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম। এরপর থেকে নানা সাজে উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীদের সংগঠন কাশফুল সাংষ্কৃতিক অঙ্গন আয়োজন করে এ উৎসবের।
উৎসব ঘিরে সংগঠনটি আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে পরিবেশিত হয় বাঙালীর চিরচেনা গান ‘আহা আজি এ বসন্তে, বসন্ত বাতাসে সই গো, ফাগুনের হাওয়ায় হাওয়ায়সহ আরো অনেক গান। সাথে কবিতার আবৃত্তির সুরে আন্দোলিত হয়ে উঠে গোটা কলেজ চত্বর। বাঙালীপনার নানা সাজে অনুষ্ঠানে অংশগ্রহন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। শিক্ষকদের অংশগ্রহন পূর্ণতা দেয় উৎসবের।
উদ্বোধনী অনুষ্ঠানে কাশফুল সাংস্কৃতিক অঙ্গনের প্রধান উপদেষ্টা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিকুল আলম লিখনের সভাপতিত্বে শুরু হয় উৎসব অনুষ্ঠান। এতে বক্তৃতা দেন কলেজের উপাধাক্ষ মো. মাহবুবার রহমান ভুইয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা জেসমিন, কাশফুল সাংষ্কৃতিক অঙ্গনের উপদেষ্ঠা সহকারী অধ্যাপক মো. নূরুল করিম, মনি সংকর দাস, অশোক কুমার, সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তারিকুল আলম লিখন বলেন, ‘এবারই প্রথম বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে কলেজে। বৃহস্পতিবার বিকেলে এর সমাপনী অনুষ্ঠিত হবে।’
সংগঠনের উপদেষ্ঠা সহকারী অধ্যাপক নূরুল করিম বলেন, ‘পিঠা উৎসবে ১৬টি স্টল স্থান পেয়েছে। কলেজের ১৪টি বিভাগের (ডিপার্টমেণ্ট) শিক্ষার্থীরা ১৪টি, কাশফুল সাংষ্কৃতিক অঙ্গনের একটি এবং রক্ত দানকারী সংগঠণ ‘বাঁধন’ এর একটি।’
সংগঠনের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘বসন্ত উৎসবে আমরা বাঙালীর অতীত ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে আমাদের এ উৎসবটি মহা উৎসবে পরিনত হয়েছে।’