জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামে দুই সন্তানকে পাশের ঘরে তালাবদ্ধ রেখে তাদের মা’কে রাতভর ধর্ষনের অভিযোগে কামরুজ্জামান প্রামানিক(৩৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান। আটক কামরুজ্জামান একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
অভিযোগের সূত্র ধরে জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, একই গ্রামের ভূক্তভোগী এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারন করেন অভিযুক্ত কামরুজ্জামান। পরে সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে বেশ কিছু দিন ধরে ধর্ষন করে আসছিলেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত মধ্যরাতে কামরুজ্জামান ওই গৃহবধূ’র টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির ভিতরে প্রবেশ করেন তিনি। পরে পাশের একটি কক্ষে গৃহবধূর দুই ছেলেকে বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে অন্য একটি কক্ষে গৃহবধূকে রাত ভর ধর্ষণ করতে থাকেন তিনি।
ভোর রাতে গৃহবধূর ছেলেরা কৌশলে মুক্ত হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানালে সাথে সাথে একই ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে র্যাব সদস্যরা ভোর রাতে ঘটনাস্থল থেকে ধর্ষনের অভিযোগে কামরুজ্জামানকে আটক করাসহ গৃহবধূকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধৃত কামরুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মামলা দায়ের করাসহ তাকে বিকেলে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান ।