সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ চক্রের ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলা মাঝে কার্ড ও চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের অতিদরিদ্র মহিলাদের হাতে ভিডাব্লিউবি’র কার্ড ও চালের বস্তা তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সচিব মো. আহসান হাবিব,ইউপি সদস্য মো. আনিছুর রহমান, ডা. মো. জাবেদ আলী, স্বপন চন্দ্র রায়, মো. রেজাউল করিম রেজু, মোছা. মাশরুফা আকতার ও মোছা. জীবনন্নেসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বাঙ্গালীপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ চক্রের ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় এক সাথে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এর আগে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে২০২৩-২০২৪ চক্রের ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলা মাঝে কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড ও চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলার পাঁচটি ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলার সর্বমোট সংখ্যা হচ্ছে দুই হাজার ছয় শত ৯৪ জন। এদের মধ্যে উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৫২৫ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৬০৫জন,বাঙ্গালীপুর ইউনিয়নের ৩৯৩ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৭১৬ জন ও খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫ জন রয়েছেন। উপকারভোগী অতিদরিদ্র পরিবারের মহিলারা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। আর প্রতি মাসে উপকারভোগীরা তাদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বর (একাউন্ট) সঞ্চয় হিসেবে ২২০টাকা করে জমা করবেন। প্রতি মাসের ব্যাংক হিসেবে সঞ্চয়ের জমা রশিদ দেখে উপকারভোগীদের মাঝে চাল প্রদান করা হবে। আর ২০২৩-২০২৪ চক্রের ভিডাব্লিউবি কর্মসূচি শেষে সঞ্চয়ের টাকা উপকারভোগীরা ফেরত পাবেন।