চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে হেঁটে প্ল্যাটফর্ম পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আব্দুল ছাত্তার (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল ছাত্তার উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিরিরবন্দর রেলস্টেশন বাজারে তিনি বাজার করতে আসেন। বাজার করে বাড়ি ফেরার পথে প্ল্যাটফর্ম পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Posted

in

by