সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. আহসান আদেলুর রহমান আদেল। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়রাম্যার মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
অতিরিক্ত কৃষি অফিসারা কৃষিবিদ মমতা সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ ও কামারপুকুর ইউনিয়নের কৃষক আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রাশেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহ্উদ্দিন ও কৃষিবিদ আদুরী তমা প্রমূখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৩০০জন কৃষক প্রত্যেকে ৫ কেজি উফসী জাতের ধান বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার পাবেন। এছাড়াও পাঁচ শত জন কৃষককের মাঝে এক কেজি পাট বীজ বিতরণ করা হবে।