সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জের মবু মিয়া (৫২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের পুঁটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মবু মিয়া কিশোরগঞ্জের ভেড়ভেড়ি গ্রামের উত্তর কালিকাপুরের মৃত. মোজ্জামেল হকের ছেলে। তার বিরুদ্ধে আন্তঃজেলার বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মবু ডাকাত কুখ্যাত মাদক চোরাকারবারি ও আন্তঃজেলার মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে মবু ডাকাত অপরাধমূলক কার্যক্রম চালায়। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা চলমান রয়েছে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মাদক মামলার ওয়ারেন্ট হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।