সিসি নিউজ।। সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পৌর কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক বিক্রেতা ও তাদের প্রশ্রয়দাতারা। তিনি হলেন নীলফামারীর সৈয়দপুর পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক। সোমবার বিকেলে নিজ এলাকার ইসলামবাগের সেরু হোটেল এলাকায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। সম্মেলনে ১০ মাদক বিক্রেতার নামও প্রকাশ করেছেন ওই পৌর কাউন্সিলর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল ইসলাম মানিক বলেন, আমি ছোট বেলা থেকে ওই এলাকায় বেড়ে উঠেছি। আমি সব সময় বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করে এসেছি। তিনি বলেন, আমার ওয়ার্ডটি মাদক বিক্রেতাদের জন্য অভয়ারণ্য। এ ওয়ার্ডের গোলাহাট, রসুলপুর, বার্মাসেল, ইসলামবাগ এলাকাসহ চলাচলের রাস্তায় প্রকাশ্যে ও মুঠোফোনে মাদক বিক্রি হচ্ছে। ইতিমধ্যে এলাকাবাসীর সহযোগিতায় ছয় জন মাদক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এলাকাকে মাদক মুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে সভা সমাবেশ, সচেতনামূলক আলোচনা সভা করা হচ্ছে। এতে করে তরুণ সমাজ সচেতন হয়ে উঠছে বলে আমার বিশ্বাস। এমন পরিস্থিতিতে ওয়ার্ডের অপরাপর মাদক বিক্রেতারা মরিয়া হয়ে উঠেছে। তারা রাতে আমার গতিবিধি লক্ষ্য করছে, মুঠোফোনে আমাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এরফলে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রশ্নোত্তরে ওই কাউন্সিলর জানান, বিষয়টি আমি থানায় অবহিত করেছি। সংবাদ সম্মেলনে তিনি ১০ মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন। এরা হলেন লাড়ুয়া, আসফাক, কালা বাবু, মো. আলি, সাগর মাছুয়া, আসিফ, আতিক, ফেলু, পিংকু ও নাদিম। এ সময় এলাকাবাসীর মধ্যে আনোয়ার হোসেন ভোলা, মো. ইসলাম, মমতাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।