
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। শনিবার দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সিদ্দিকুল আলম এমপি বলেন, আমি বিগত সময়ে বিভিন্নভাবে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। এ জন্য আমি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। আগামীর পথ চলায়ও আমি সৈয়দপুরের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, কে কোন দলের বা কে কাকে ভোট দিয়েছে সেটা বড় কথা নয়। আমি আসনের সাড়ে ৪ লাখ ভোটারেরই এমপি। তাই সবার পরামর্শ নিয়েই কাজ করব। এমনকি নির্বাচনে আমার সাথে অন্যান্য প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিভিন্ন কাজে তাদেরও পরামর্শ নিতে চাই আমি।
সিদ্দিকুল আলম বলেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসন। উন্নয়নের ক্ষেত্রে দুটি উপজেলাকে সমভাবে গুরুত্ব দেওয়া হবে। এ জনপদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষদের সমন্বয়ে একটি কমিটি করা হবে। কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।
এক প্রশ্নের জবাবে সিদ্দিকুল আলম বলেন, এ জনপদের সড়কগুলোর বেহাল অবস্থা। তাই সবার আগে সড়কগুলো উন্নয়নে নিয়ে কাজ করা হবে। মতবিনিময়সভায় প্রায় ৭৭ জন সাংবাদিক অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলো পত্রিকার সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু।