ফুলবাড়ীতে আদালতের নির্দেশে দীর্ঘ ১১ বছর পর দখল পেলেন জমির মালিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘ ১১বছর মামলা চলার পর জমির দখল বুঝে পেলেন জমির মালিক ছাবেদুল ইসলাম (৬০)। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে আদালতের রায় বাস্তবায়ন করতে থানা পুলিশের সহায়তায় লাল পতাকা টাঙিয়ে জমির মালিককে দখল প্রদান করেন দিনাজপুর জজ আদালতের নাজির  মো. তোফায়েল হোসেন।
জানা গেছে, উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত ডা. খাজের উদ্দিনের ছেলে ছাবেদুল ইসলাম একই এলাকার মৃত আ. আজিজ মন্ডলের ছেলে আক্তারুজ্জামানের নিকট ২০১৩সালে পশ্চিম গৌরীপাড়া মৌজার ৪৪নং দাগে ৪শতাংশ জমি বায়না রেজিষ্ট্রি করেন। চুক্তির নির্ধারিত সময় পার হলেও জমির মালিক রেজিষ্ট্রি দিতে অস্বীকৃতি জানায়। পরে আদালতে চুক্তি প্রলোভন মামলা করলে আদালত ২০২০সালে বাদীর পক্ষে রায় প্রদান করে জমির রেজিষ্ট্রি প্রদান করেন। এরপর বিবাদী আক্তারুজ্জামান আপিল করলে আদালত ২০২৩সালের ফেব্রুয়ারি মাসে আপিল খারিজ করে রায় প্রদান করেন। অবশেষে শনিবার সদর সিনিয়র জজ আদালত দিনাজপুরের আদেশে আদালতের নাজির মো. তোফায়েল হোসেন, জমির মালিক কে মালিকানা বুঝিয়ে দেন।
জমির মালিক ছাবেদুল ইসলাম(৬০) বলেন, দীর্ঘ ১১বছর আইনি লড়াইয়ের পর জমির মালিকানা পেয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় আইনের প্রতি জনসাধারণের শ্রদ্ধা বোধ আরও বেড়ে যাবে। বক্তব্য জান‌তে মামলার বিবাদী আক্তারুজ্জামান কে খোঁজ করেও পাওয়া যায়নি।
জজ আদালত দিনাজপুরের নাজির মো. তোফায়েল  হোসেন জানান, সব ধরনের আইনি লড়াই শেষে আজ আদালতের নির্দেশে জমির বৈধ মালিক কে জমির দখল বুঝিয়ে দেয়া হল।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে জজ আদালত দিনাজপুরের নাজির মো. তোফায়েল  হোসেন থানা পুলিশের সহযোগিতায়  জমির বৈধ মালিক কে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

Posted

in

by