সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই মেহেদি হাসানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আওকাত হোসেন জুয়েল (১৭)। সে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং রণচণ্ডডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
এদিকে ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশের পাহারায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, বড় ভাইয়ের মানসিক সমস্যা ছিল। তিনি মাঝেমধ্যে বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করতেন। গতকাল রাতে তিনি ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। পরে ভোরবেলা তাঁর মা নামাজ পড়তে উঠে ছেলের ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ড বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হবে। থানায় এখনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।