সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খুঁড়ে মুক্তিযুদ্ধের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসবের মধ্যে থ্রি-নট থ্রি রাইফেল, মাইন ও মর্টারসেল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের ক্যানেলের বাজার এলাকায় তিস্তা সেচ নালা খননের সময় মাটির নিচ থেকে এ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ নালা খননের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মাটি খুড়তে গিয়ে পুরনো এসব অস্ত্র দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে একটি থ্রী নট থ্রী রাইফেল, দুটি মাইন ও একটি মর্টারসেল উদ্ধার করে।
স্থানীয়রা জানান, যুদ্ধকালীন পাকহানাদার বাহিনী আস্তানা ছিল এলাকাটি। ওই সময় বাঙালিদের নির্বিচারে হত্যাকান্ড করেছে তারা। ধারণা করা হচ্ছে, তারাই সেই সময় আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তী সময়ে মাটির নিচে পুঁতে রেখেছিল।
এ বিষয়ে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত সিসি নিউজকে জানান, আগ্নেয় অস্ত্রগুলো পুরাতন। এখানে আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা সে কারণে পুলিশসহ বেশ কয়েকটি সংস্থার সদস্যরা কাজ করছে। আপাতত জায়গাটি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
