সৈয়দপুরে অবতরণের আগে পাখির সাথে ধাক্কা, বিমানের যান্ত্রিক ত্রুটি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের আগে পাখির ধাক্কায় (বার্ড হিট) বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিজি ৪৪৯১/৪৯২ নং ফ্লাইট। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরন করে। কিন্তু এর আগে অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বিমানের সামনের অংশের সাথে পাখির সাথে ধাক্কা লাগে । এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে বিমান এয়ারলাইন্সের ফ্লাইটি। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে প্রকৌশলী এসে ত্রুটি সারে। ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Posted

in

by