• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

সৈয়দপুরে সোনা চোরাচালানের মূলহোতা গ্রেফতার: দুই দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি।। দেশের সোনা চোরাচালান চক্রের মূলহোতা জাভেদ আকতারকে (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম কোর্টের বিচারক। আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার এসআই আজহারুল ইসলাম তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করেন।

জাভেদ আকতার নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মো. জামিল আক্তারের ছেলে। শহরের মানুষ তাকে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক হিসেবে চিনেন। পাসপোর্টে তার ঠিকানা সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া উল্লেখ করা হলেও তিনি শহরের ইসলামবাগ সেরু হোটেল এলাকায় শ্বশুড়বাড়িতে বসবাস করতেন।

বিমানবন্দর থানা সূত্রমতে, গত ১৬ আগষ্ট জিয়াউল ইসলাম (৫৮) নামে এক ব্যাক্তি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর পুলিশের হাতে আটক হন। তল্লাশিকালে তার ব্যাগে অবৈধভাবে নিয়ে আসা ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৯শ’ ৮০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। আটক ওই ব্যাক্তির বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ এলাকায়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

সূত্রটি আরো জানায়, আটক জিয়াউলকে রিমান্ডে নেওয়া হলে তিনি গত ২৭ নভেম্বর সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তিনি এ চক্রের মূলহোতা হিসেবে জাভেদ আকতারের কথা বলেন। তাঁর দেওয়া জবানবন্দিতে শনিবার (৩০ নভেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার এসআই আজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সৈয়দপুরে আসে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় শহরের ইসলামবাগ সেরু হোটেল এলাকায় শ্বশুড়বাড়ি থেকে জাভেদ আক্তারকে আটক করে।

ঢাকায় বিমানবন্দরে স্বর্নের বারসহ আটক জিয়াউল হকের ছেলে জাহিদ হোসেন বলেন, আমার বাবার মেরুদন্ডের হাড়ের সমস্যা ছিল। জাভেদ আক্তার বাবাকে সিঙ্গাপুরে চিকিৎসার প্রলোভন দিয়ে পাসপোর্ট ও ভিসা করে দেন। আমাদের না জানিয়েই বাবাকে তিনি সিঙ্গাপুরে পাঠান। পাসপোর্টে বাবার মোবাইল নম্বরের পরিবর্তে কৌশলে জাভেদ আক্তারের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। যা আমি বিমানবন্দর থানায় গেলে জানতে পারি। তিনি আরও বলেন, আমার বাবা একজন সহজ-সরল মানুষ। তিনি বৃদ্ধ ও অসুস্থ। জাভেদ আক্তার বাবাকে ফাঁসিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার এসআই আজহারুল ইসলাম সিসি নিউজকে বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য জাভেদ আকতারকে ৫ দিনের রিমান্ড চেয়ে আজ (সোমবার) তাকে সিএমএম আদালতে নেওয়া হয়। বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ