সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এতে চারটি লাচ্ছা সেমাই তৈরির কারখানার ও মিষ্টির দোকানের ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে এসব জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম, নীলফামারীর সহকারি পরিচালক শামসুল আলম, নীলফামারী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে বাইপাস সড়কে অবস্থিত তাজ চানাচুর এবং লাচ্ছা তৈরির উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মালিক আজহার সুলতানের ৭ হাজার, একই এলাকার মশাল লাচ্ছা সেমাইয়ের প্যাকেজিং না থাকায় মালিক সাজিদ সুলতানের ২০ হাজার, শহরের নতুন বাবুপাড়ার সোহেল রানা লাচ্ছা কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা তৈরি ও কাগজপত্র দেখাতে না পারায় মালিক শাহনেওয়াজের ২০ হাজার হাজার ও শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত আজিম উদ্দিন সুইটমিটের রান্নঘর টয়লেটের সাথে হওয়ায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় মালিক কামরানের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া শহীদ ডা. জিকরুল হক সড়কের এমজে ওয়েল মিল ও একই সড়কে অবস্থিত সুপার সপ স্বপ্নকে সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।