সৈয়দপুরে দিনেদুপুরে স্বর্ণের দোকান লুটের অভিযোগ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সামনে বানিয়াপট্টির একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে মেরাজ জুয়েলার্স নামে ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে। ওইদিন রাতে দোকানটির মালিক সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিক মোহাম্মদ মেরাজ বলেন, দোকান থেকে গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

তিনি বলেন, রোববার দুপুর ১২টা থেকে ১টার দিকে এ লুটের ঘটনা ঘটে। আরমান হোসেন বাদশার নেতৃর্ত্বে একটি সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনায় তিনি রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে সংবাদকর্মীদের জানান।

এ বিষয়ে জানতে কথা হয় দোকানের মালিক দাবি করা আরমান হোসেন বাদশার সাথে। তিনি বলেন, বিজ্ঞ আদালত থেকে আমার পক্ষে রায় পেয়েছি। তাই আমি আমার দোকান বুঝে নিয়েছি। এখানে লুটপাটের কোন ঘটনা ঘটেনি। যা বলা হচ্ছে তা ভিত্তিহীন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


by