সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলার ডোমার ও ডিমলা উপজেলা ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ডিমলা উপজেলা এবং বেলা ১২টায় ডোমার উপজেলা বিএনপি এবং বিকালে জেলা যুবদলের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। শাহরিন ইসলাম
চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে।
বেলা ১১টার দিকে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় স্মৃতি চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার
হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।
অপরদিকে বেলা ১২টার দিকে একই একই দাবিতে ডোমার উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী
বক্তৃতা দেন। উভয় কর্মসূচিতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে জেলা যুবদলের উদ্যোগে বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তৃতা দেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক
মোস্তফা হক প্রধান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।
এসব সমাবেশে বক্তারা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করার হুশিয়ারী প্রদান করেন।