সিসি নিউজ।। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় ছাত্র প্রতিনিধিরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, সৈয়দপুর শহরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক ডিআইজি রংপুরকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
দিনাজপুরে রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে আসছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ খবর পেয়ে সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্ররা বিমানবন্দর সড়ক অবরোধ করে স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশ ত্যাগ করলেন, জানতে চান।
তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সৈয়দপুরের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সোয়েব, একরামুল হক বিজয়, তৌহিদ মোক্তার, আসিফ হোসেনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।