
সিসি নিউজ।। সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। আমরা পালাইনি। আমাদের কেউ পালায়নি। আজ বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। উনাকে বলা হয়েছিল আপনি আসবেন না। উনি বলেছেছিলেন আমি তো কোন অপরাধ করিনি। আমি আমার দেশেই মরব। উনি দেশে আসলেন। আর যারা বড় বড় কথা বলেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে।
এটিএম আজহার বলেন, আমি ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার নিজ এলাকায় যাচ্ছি। এজন্য দেশবাসী এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন নিজের মতামত নিজে প্রকাশ করতে পারি। এসময় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।