• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

সৈয়দপুরে অর্ধশতাধিক দুস্থ মানুষ একবেলা খেলো উন্নতমানের খাবার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ফালাক ফাউন্ডেশনের উদ্যোগে একবেলা উন্নতমানের খাবার খেলো অর্ধশতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের উপকন্ঠে জসিম বাজার এলাকায় সরদার কনভেনশন সেন্টারে সংস্থাটি ওই মহতী অনুষ্ঠানের আয়োজন করে।

ফালাক ফাউন্ডেশন সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকায় অবস্থিত অলাভজনক, অরাজনৈতিক ও দাতব্য সংস্থা। এ আয়োজন উপলক্ষে শহরের সরদার কনভেনশন সেন্টারে হলরুমে আগে থেকে সুসজ্জিত ছিল আমন্ত্রিত গরীব, অসহায় ও দুস্থ মানুষের জন্য বসার জন্য চেয়ার ও টেবিল।

ফালাক ফাউন্ডেশনের আমন্ত্রণে জোহরের নামাজের পর গরীব, অসহায় দুস্থ মানুষেরা দুপুরের খাবার খেতে একে একে আসতে থাকেন সরদার কনভেনশন সেন্টারে। আর অনুষ্ঠানে দেখভালে নিয়োজিত সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা আমন্ত্রিত সেসব গরীব, অসহায়, দুস্থ মানুষকে অভ্যর্থনা জানিয়ে হাত ধরে কনভেনশন সেন্টারের হলরুমে সাজানো চেয়ারে বসতে দেন। এরপর সেখানে একে একে আরো হাজির হন বেশ কিছু সংখ্যক আমন্ত্রিত অতিথি।

এদের মধ্যে ছিল সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ইমাম ও সুধীজন। পরবর্তীতে অতিথিরাই আমন্ত্রিত গরীব,অসহায় দুস্থ মানুষদের পরিবেশন করে খাওয়ান উন্নতমানের দুপুরের খাবার। খাবারে মেন্যুতে ছিল, সাদা পোলাও, মুরগীর রোস্ট, টিকিয়া, ডিম, ডাল, সালাত, দই ও কোমল পাণীয়। ওই অনুষ্ঠানে ৫২ জন গরীব, অসহায় দুস্থ মানুষকে পেট পুরে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে বলে আয়োজক সংস্থার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে সেখানে ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার বোর্ড অব ট্রাস্টির জেনারেল সেক্রেটারি মাহমুদ জামান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম শিক্ষা) মুফতি মো. রেজাউল করিম। শেষে ফাউন্ডেশনের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদীস আল্লামা হযরত মাওলানা মো. আব্দুর রউফ।

এ সময় অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. আতিয়ার রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তািআব্দুল ওয়াদুদ, সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (শহর ও যানবাহন) মাহফুজার আলম, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান, সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান ও উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল সরকার রানা, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফালাক ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টির জেনারেল সেক্রেটারি মাহমুদ জামান বলেন, আমাদের সমাজে যাদের সামর্থ্য আছে, তারা হয়তো প্রতিদিন কিংবা কয়েক দিন পর পরই ভালো খাবার খেতে পারেন। এছাড়াও বিয়েসহ বিভিন্ন পারিবারিক রাজকীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উন্নতমানের খাবার খেয়ে থাকি প্রায়শঃ। কিন্তু যারা সমাজের গরীব, অসহায় দুস্থ ; যাদের সামর্থ্য নেই। তারাতো ঠিক মতো এক মাসে কিংবা ছয় মাসেও এক বেলা ভালো খাবার খেতে পারেন না। আমন্ত্রিত হয়ে কোন কমিউনিটি কিংবা কনভেনশন সেন্টারে বসে খাওয়ার সুযোগ মিলে না তাদের ভাগ্যে। তাই আমাদের সংস্থা পক্ষ থেকে আজ সেসব গরীব,অসহায় ও দুস্থ মানুষদের জন্যই উন্নতমানের খাবারের উদ্যোগ নেয়া হয়েছে।

ঊল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত ফালাক ফাউন্ডেশনের মাধ্যমে ফালাক একাডেমি পরিচালিত হয়ে আসছে। এটি একটি আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে জাতীয় শিক্ষাক্রম ও ইসলামী পাঠ্যপুস্তুকের সমন্তি সিলেবাসে পাঠদান করা হয়। আর ফালাক একাডেমিতে বর্তমানে ১২৯জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। এছাড়াও ফাউন্ডেশন যাত্রার শুরু থেকে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য, পোশাক, শীতবস্ত্র, ইফতার সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ