• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

বিএনপি দলীয় প্রার্থীর দাবিতে উত্তাল ডোমার ও ডিমলা

সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের পরিবর্তে বিএনপি দলীয় প্রার্থীর দাবিতে নানা কর্মসূচিতে উত্তাল ডোমার ও ডিমলা উপজেলা। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দলীয় মনোনয়ন দাবি করেছেন নেতাকর্মীরা।
বিএনপি জোটের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে প্রার্থী ঘোষণা করা হয় আসনটিতে। কর্মসূচির অংশে শনিবার দুপুরে ডোমার ও ডিমলা উপজেলায় পৃথক সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুদ্ধরা।
ডিমলায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধরা।
সমাবেশে জেলা বিএনপির উপদেষ্ঠা মো. রইছুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সদস্য সেতারা সুলতানা, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি মো. আরিফ উল ইসলাম, আমিন-উজ জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির উপদেষ্ঠা মো. রইছুল আলম চৌধুরী।
অপরদিকে একই দাবিতে শনিবার দুপুরে ডোমার উপজেলা বিএনপি পরিবারের আয়োজনে ডাকবাংলো চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ। পরে নেতাকর্মীরা উপজেলার বানোয়ারীর মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় নেতাকর্মীরা জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর প্রার্থীতা বয়কট করে আসনটিতে বিএনপির সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, ‘ডোমার-ডিমলা এলাকায় বিএনপির ব্যাপক ভোটব্যাংক রয়েছে। শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি এখানে বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর এখানে উল্লেখযোগ্য ভোট নেই এবং তাদের সাংগঠনিক শক্তিও দুর্বল। আফেন্দীকে প্রার্থী করা হলে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে’।
উল্লেখ্য, ২৩ ডিসেম্বর নীলফামারী-১ আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে প্রার্থী ঘোষণা করা হয়। আসনটিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে নেতাকর্মী ও সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ