
সিসি নিউজ।। নীলফামারীতে জামাতার কারের চাপায় শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপির দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে। মৃত শ্বশুর হলেন, এনতাজুল (৬৫)। সে দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার নামাজের আগে জামাতা আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। এক পর্যায়ে জামাতা আবু তাহের তার শ্বশুরের বাড়ির উঠান হতে নিজেই কার চালিয়ে রাগ করে চলে যাচ্ছিল। এসময় গাড়ীর সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে জামাতা শ্বশুরকে গাড়ীর চাপা দেয়। ঘটনাস্থলেই শ্বশুর এনতাজুলের মৃত্যু হয়। লাশ বাড়ির সামনে মসজিদে রাখা হয়েছে। জামাতা আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
জামাতা আবু তাহের কয়েকদিন আগে মাত্র কারটি কিনেছে। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, গাড়ীর চাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেয়া হবে।