• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান

সিসি নিউজ ডেস্ক।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় প্রধানের (চেয়ারম্যান/চেয়ারপার্সন) পদ। তবে দলটির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।

তবে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলমান কার্যক্রমেও এই পদ ব্যবহার করা হচ্ছে না। জানা গেছে, কৌশলগত কারণ ও খালেদা জিয়ার মৃত্যুর শোকে এখনও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ২ অনুযায়ী, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যানই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই ধারার নিয়মে তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন।

গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ৩ অনুযায়ী, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।

গঠনতন্ত্রের এ বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিযুক্তির জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই।

বিএনপি সূত্রে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত। তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হবে। দলীয়ভাবেও সাত দিনের শোক চলছে। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ