এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে হয়েছে- সৈয়দপুর বিমানবন্দরে জাপা মহাসচিব

সিসি নিউজ।। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আমরা নানাভাবে তবে শিকার হচ্ছি। তবে বিচলিত নই। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় আছে। আমাদের প্রার্থীরা লেভেলপ্লেইং ফিল্ড পাবে আশা করছি। তিনি শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা ফেরার প্রাক্কালে এসব কথা বলেন।
রাতে মহাসচিববের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম। স্থানীয় ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট লবিতে যোগদান অনুষ্ঠানটি হয়। এসময় নীলফামারী- ৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম উপস্থিত ছিলেন।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি একটি পরীক্ষিত জনপ্রিয় দল। আমাদের প্রার্থীরা সকলে গুনী মানুষ। তাদের বিজয় নিশ্চিত জেনে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে। নীলফামারী -৪ আসনের প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আমরা ন্যায় বিচার পাবো বলে আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে হয়েছে। নির্বাচনে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড পাবো বলে আশা করছি।
মহাসচিব বলেন, পোস্টাল ভোটের ব্যালটের দ্বিতীয় পাতায় লাঙ্গল প্রতীক উৎকীর্ণ করা হয়েছে। অথচ জাতীয় পার্টি একটি নির্বাচনমূখি দল। দলটি ক্ষমতায় ছিলো। বিরোধী দলে ছিল। এটা বিমাতাসূলভ কিনা আমরা ভেবে দেখছি।
পরে রাতের ফ্লাইটে তিনি ঢাকা ফিরে যান। বিমানবন্দরে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাঁকে বিদায় জানান।


Posted

in

by