জাকস ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। পিকেএসএফ-এর অর্থায়নে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উচাই বাজারস্থ পরিবেশ ক্লাবের কক্ষে আয়োজন করা হয়।

উক্ত কুইজ প্রতিযোগিতায় উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব ও SMART প্রকল্পের পরিবেশ ও আরইসিপি অফিসার মাহমুদ জামান।

আলোচনা পর্বে ৫নং আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামসুল আরেফিন চৌধুরী (আবু) বলেন, “পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বয়স থেকেই পরিবেশবান্ধব চিন্তা ও আচরণ গড়ে তুললে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
জাকস ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার মোঃ তহিদুল ইসলাম বলেন, “SMART প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়ন ভাবনা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।”
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের হুমাইরা জান্নাত হিমু। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ তহমিনা এবং উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ সাদিয়া সুলতানা। তৃতীয় স্থান অর্জন করে উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ বন্যা আক্তার বুসরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেন।