• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

সিসি নিউজ ডেস্ক।। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এরপর ১২টা ১২ মিনিটে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীরা।

এর আগে রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবির দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেন।

দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামসহ দলীয় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। ২০০১ সাল থেকে পরবর্তী পাঁচ বছর সরকারে শরিক অবস্থায় দলটির মন্ত্রীরা রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে সে সময় তাঁরা শহীদ মিনারে যাননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ