সিসি নিউজ ডেস্ক।। এবারের ঈদুল ফিতরে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালেও বাংলাদেশে ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার একই ছিল।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সালের সাদাকাতুল ফিতরের এই হার নির্ধারণ করা হয়।
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এই সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।
আরবি ‘সদকাতুল ফিতর’-এর অর্থ ঈদুল ফিতরের সদকা। ঈদুল ফিতরের দিন আদায় করা হয় বলে একে সদকাতুল ফিতর বলা হয়। একে জাকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়। সদকাতুল ফিতর বা ফিতরা দেওয়া ওয়াজিব। রাসুল (সা.) ছোট-বড় নারী-পুরুষ সব মুসলমানের জন্য তা আবশ্যক করেছেন।