
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃদদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে তাদেরকে বড়ভিটা বাজার সংলগ্ন একটি ক্লাব ঘর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বড়ভিটা বড় ডুমরিয়া পাইকারটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজু খান (৩৫), একই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৪০), মহির উদ্দিনের ছেলে তানভীর আহমেদ মিজান (৩০), দেলোয়ার হোসেনের ছেলে তানজিদ হোসেন (২৪), সাদুরারপুল গ্রামের তাজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩০), উত্তর বড়ভিটা ডাংগাপাড়া গ্রামের মৃত মকছুদার রহমানের ছেলে আলাল ইসলাম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই বড়ভিটা বাজারের একটি ঘরে কয়েকজন যুবক ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে বিভিন্ন দেশের ভিসার আবেদন, নকল পাসপোর্ট, চাকুরী দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র, চাকুরীতে যোগদান ও বিদেশ গমনের সংশ্লিষ্ট কাগজপত্র এবং ব্যাংক লোন দেয়ার নামে প্রতারণা মূলক প্রচার করে বিকাশ, রকেট, নগদ একাউন্টে অর্থ সংগ্রহসহ অনলাইন ক্যাসিনো আইডিতে প্রবেশ করে অনলাইন জুয়া খেলা এবং মাদক সেবন করছে। সে সময় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণা, ক্যাসিনো খেলা ও মাদক সেবনের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।