পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন এবং যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।