পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযানে বেল্লাল হোসেনের পাশাপাশি রানিশংকৈল উপজেলার টিংকু দত্তকেও আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিলার রহমান জানান, জব্দকৃত আলামতসহ আটক দুইজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।