পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মে) পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
২০২৫–২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে একটি করে অক্সিজেন সরবরাহ যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এতে করে মৎস্যচাষীদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।