সিসি নিউজ ডেস্ক।। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল এবং নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী।
নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামে বজ্রপাতে মধু আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সেলিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পঞ্চগড় সদরের বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার মা মনিকা বেগম আহত হন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই রাব্বী মারা যায়। আহত মনিকা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর এলাকায় বজ্রপাতে কলেজশিক্ষক এএসএম খালেকুল আজাদের (৫৬) মৃত্যু হয়েছে। তিনি গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দুপুরে বৃষ্টির সময় একটি আমগাছের নিচে আশ্রয় নেওয়ার পর বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গফরগাঁও উপজেলার লামকাইন গ্রামে খেতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।