সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত নীলফামারীর ৪ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সৈয়দপুরের আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে আজ রোববার বিকাল ৫টার দিকে স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন ২০২৬ সালের জাতীয় পর্যায়ে প্রধান শিক্ষক নীলফামারীর কিশোরগঞ্জের শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত হোসেন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক সৈয়দপুরের শ্বাসকন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল।
এছাড়া ২০২৪ সালের জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান প্রাপ্ত সহকারী শিক্ষক কিশোরগঞ্জের গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহেনেওয়াজ শাহ এবং রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) সৈয়দপুর নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর্জা জহুরা আক্তার। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান গোল্ড মেডেল প্রাপ্ত শিক্ষক শিউলি সুলতানা। ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই শিক্ষকদের হাতে সম্মাননাক্রেস্ট তুলে দেন।