সিসি নিউজ ডেস্ক।। নীলফামারী সদরে প্রস্তাবিত ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প এলাকা প্রাথমিক পরিদর্শনে উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। এখন বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দলের পরবর্তী সফরের অপেক্ষায় রয়েছে।
প্রতিনিধি দলটি কবে আসবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চীনা দূতাবাসের কাছ থেকে এ সফরের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।
২৯ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ফাতেমা-তুজ-জোহরা ঠাকুরের সই করা এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ৫-১৪ মে বাংলাদেশ সফর করে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডকা) একটি কারিগরি দল। ৮ মে রংপুরে এবং ৯ মে নীলফামারীতে প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শন করে তারা।
১৪ মে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চীনা প্রতিনিধি দলের প্রধান জানান, বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় অবকাঠামো আগে থেকেই থাকায় প্রস্তাবিত স্থানটি হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলের পরিদর্শন প্রতিবেদন চীনা দূতাবাসে পাঠানো হবে।
এ বছরের ২৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির শর্তসাপেক্ষ অনুমোদন দিলেও চীনের অর্থায়নের বিষয়টি এখনো নিশ্চিত না হওয়ায় চূড়ান্ত অনুমোদন আটকে আছে।
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, হাসপাতালটি উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার ব্যয় কমানোর পাশাপাশি ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমাতেও সাহায্য করবে।
সৌজন্যে : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড