সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে এমপির মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ওই ঘটনা ঘটে। এমপিদ্বয় হলেন নীলফামারী-৪ আসনের জামায়াত ইসলামীর সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপি’র সংরক্ষিত নারী সাংসদ বিলকিস ইসলাম।
সূত্র মতে, নবনির্মিত সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংরক্ষিত নারী সদস্য সদস্য বিলকিস ইসলাম। এতে বিষয়টা নিয়ে উভয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই ঘন্টাব্যাপী চলে এই বাকযুদ্ধ।
এসময় বিলকিস ইসলাম বলেন, এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর ফলকে কেন শুধু একজনের নাম লেখা হয়েছে। এই পরিদর্শন কক্ষ কি শুধু আব্দুল মুনতাকিমের? এর প্রেক্ষিতে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, এটা ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের। এখানে সবাই আসবেন, কাজ করবেন। কিন্তু এলাকাটা যেহেতু আমার তাই ফলকে আমার নামই থাকবে।
এমপি হাফেজ আব্দুল মুনতাকিম আরও বলেন, নারী এমপিদের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্দিষ্টও নয়। একারণে এভাবে দলবল নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি অধিকার দেখাতে চান তাহলে পরিপত্র অনুযায়ী হতে হবে। এমন কোন ডকুমেন্টস আছে কি আপনার? এতে চটে যান মহিলা এমপি এবং হট্টগোল শুরু হয়।
এসময় বিলকিস ইসলাম বিষয়টা দেখে নেওয়ার চ্যালেঞ্জ করেন এবং বলেন, আমার দল সহজ সরল হলেও আমি নই। কোন ক্ষেত্রেই ছাড় দিবোনা। এটা সংসদেও উঠাবো এবং এমপিগিরি দেখাবো। আমি আমার অধিকার আদায় করে নিবো। সারাদেশে কোথায় কিভাবে কি করা হয়েছে তা আমি জানতে চাইনা। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে আমার স্থান দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।
এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহিন আকতার জানান, উপজেলা পরিষদের ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনী নামফলকে দুই সাংসদের নাম থাকা উচিত ছিল। তিনি বলেন, যেহেতু উপজেলা প্রশাসন উদ্বোধনের ব্যবস্থা করেছেন, তাই পরিপত্র অনুযায়ী নামফলক তৈরি করবেন। এতে যদি সংরক্ষিত আসনের নারী সাংসদের নাম থাকবেনা, তাহলে তাঁকে আমন্ত্রণ জানানো সঠিক হয়নি। তবে এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলার তবে এ বিষয়ে সৈয়দপুরের ইউএনও ফারহা ফাতেহা তাকমিলা জানান, উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন আয়োজন করেনি। দুই সংসদ সদস্যের জন্য ওই কক্ষটি উদ্বোধনের আয়োজন তাঁরাই করেছেন।
বিএনপি’র সংরক্ষিত নারী সাংসদ বিলকিস ইসলাম জানান, পরিদর্শন কক্ষটি দখল করেছে এমপি মুনতাকিম। ওই কক্ষের চাবি এখন তাঁর হাতে। নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষটি দখল করেছে ইতিপূর্বে। তিনি বলেন, কিশোরগঞ্জ কিংবা জলঢাকা উপজেলার কক্ষে কোন নামফলক নেই, সৈয়দপুরে কেন এটা করা হলো? অথচ উপজেলা প্রশাসন কিছুই জানে না। এটা এমপি মুনতাকিমের দখলবাজি ছাড়া আর কিছুই নয়। এ কক্ষ হবে জাতীয় সংসদের সকল এমপির।
নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম জানান, এ কক্ষটি নির্বাচিত এমপির। দখলবাজি হয় কিভাবে? অন্যান্য এমপিগণ অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন।