ঠাকুরগাঁও প্রতিনিধি।। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঠাকুরগাঁও সদর থানা দল চ্যাম্পিয়ন এবং বালিয়াডাঙ্গী থানা দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, কাবাডি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হলেও আধুনিক বিনোদন ও প্রযুক্তিনির্ভরতার কারণে নতুন প্রজন্মের মধ্যে এ খেলার চর্চা কমে যাচ্ছে। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে আবারও মানুষের মাঝে জনপ্রিয় করে তোলা এবং তরুণদের খেলাধুলামুখী করতেই এ আয়োজন।
তাদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততাও আরও বাড়বে।